নানিয়ারচরে বাজার বয়কট কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমা হত্যার প্রতিবাদে গতকাল বুধবার নানিয়ারচর বাজার বয়কট কর্মসূচি পালিত হয়েছে। পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও ‘রমেল চাকমা হত্যা প্রতিবাদ কমিটি’ এই কর্মসূচি পালন করে।
গতকাল নানিয়ারচর উপজেলা সদর বাজারে হাটের দিন ছিল। বয়কটের কারণে ক্রেতা-বিক্রেতা বাজারে আসেননি।
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা বলেন, রমেল চাকমার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ডাকা নানিয়ারচর বাজার বয়কট শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এই বাজার বয়কটে সর্বস্তরের মানুষের সমর্থন থাকায় কোনো ক্রেতা-বিক্রেতা বাজারে যাননি।
রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, নানিয়ারচরের বাজার বয়কট কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল পুলিশ।
পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ৫ এপ্রিল রমেল চাকমাকে নানিয়ারচর উপজেলা পরিষদ এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল মারা যান তিনি। রমেল চাকমার লাশ রীতি অনুযায়ী দাহ করতে দেওয়া হয়নি।
তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রমেলকে নির্যাতন করার অভিযোগ অস্বীকার করেছে।