নানিয়ারচরে মৎস্যজীবীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় গতকাল শুক্রবার হামিদুর রহমান (৩৮) নামের একজন বাঙালি মৎস্যজীবীর লাশ পাওয়া গেছে। পরিবারের লোকজনের অভিযোগ, তাঁকে আদিবাসীরা হত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদুরের লাশ পাওয়ার পর গতকাল বেলা ১১টার দিকে বাঙালিরা নানিয়ারচর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। এ অবস্থায় আদিবাসীরা আতঙ্কিত হয়ে বাজার এলাকা থেকে সরে যায়। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ বন্ধ হয়ে যায়।নানিয়ারচর থানার পুলিশ নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানায়, পুরান বাজার এলাকার বাসিন্দা হামিদুর রহমান একজন স্থানীয় মৎস্যজীবী। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কাপ্তাই হ্রদে মাছ ধরতে যান। গতকাল ভোরে ফিরে না আসায় হামিদুরের ছেলে তাঁকে খুঁজতে যায়। পরে উপজেলা সদর থেকে নৌপথে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নৌকায় অজ্ঞান অবস্থায় হামিদুরকে পাওয়া যায়। এ অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ সময় হামিদুরের পরিবারের লোকজন কান্নাজড়িত কণ্ঠে আদিবাসীরা হামিদুরকে মেরে ফেলেছে বলে জানালে বাঙালিরা উত্তেজিত হয়ে ওঠে।