নানিয়ারচরে রমেল চাকমার বাড়িতে তথ্যানুসন্ধান কমিটি
রমেল চাকমা হত্যার অভিযোগে গঠিত জাতীয় মানবাধিকার কমিশন গঠিত তথ্যানুসন্ধান কমিটি কাজ শুরু করেছে। গত সোমবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের হাতিমারা গ্রামে রমেলের বাড়িতে যান কমিশনের সদস্যরা। তাঁরা রমেলের বাবা-মা, স্বজন, প্রতিবেশী, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা। কমিশনের রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক গাজী মো. সালাউদ্দিন কমিটির সদস্যসচিব ও রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অলি উজ্জামান সদস্য। তাঁরা তিনজনই রমেলের বাড়িতে যান। তাঁদের সঙ্গে রাঙামাটির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলমসহ কোতোয়ালি ও নানিয়ারচর থানার দুই ওসি উপস্থিত ছিলেন। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রমেলের বাবা কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের (ইউিপি) চেয়ারম্যান প্রমোদ খীসা, ইউপি সদস্য অংসাপ্রু মারমা, গ্রামের কারবারি (পাড়াপ্রধান) পূর্ণেন্দে চাকমা, সান্ত্বনা খীসাসহ স্থানীয় লোকজন কমিটিকে বলেন, রমেল চাকমাকে নির্যাতনে হত্যা করা হয়েছে। তাঁর ঘটনার বর্ণনা ও সাক্ষ্য দেন।
কমিটির আহ্বায়ক বাঞ্ছিতা চাকমা বলেন, ‘আমরা অভিযোগ নিয়ে বিস্তারিত তদন্ত করে দেখছি।’
নানিয়ারচর কলেজের এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমা গত ১৯ এপ্রিল মারা যান। তিনি পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পাহাড়ি ছাত্র পরিষদের অভিযোগ, গত ৫ এপ্রিল রমেল চাকমাকে নানিয়ারচর উপজেলা পরিষদ এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল মারা যান তিনি। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রমেলকে নির্যাতন করার অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে রমেল চাকমা হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে নানিয়ারচর উপজেলায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নানিয়ারচর উপজেলা সদরের পাতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন পরিষদের (সদর) চেয়ারম্যান প্রীতিময় চাকমা। বক্তব্য দেন সাবেক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশীল জীবন চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা, ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলার সংগঠক মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অলিন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারীসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, রামহরি পাড়া মহিলা কার্বারী শান্তনা চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শোকসভায় অংশ নিতে আসা লোকজনকে পথে পথে বাধা দিয়েছে। এরপরও বাধা অতিক্রম করে বিভিন্ন পাহাড়-ঝোপ-জঙ্গল পেরিয়ে হাজারো মানুষ সভায় যোগ দিয়েছে।
বক্তারা বলেন, রমেল চাকমার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কোনো অভিযোগ ছাড়া পাহাড়ের কোনো মানুষকে আটক বা গ্রেপ্তার না করার দাবি জানান। রমেল হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তাঁরা। হত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দাষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।