নানুপুর লায়লা-কবির কলেজের রজতজয়ন্তী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি উৎসব (রজতজয়ন্তী) শুরু হয়েছে। দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী দিনে গতকাল শনিবার কলেজের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ।
পরে কলেজের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত আব্বাস বায়েজি দেহনাবি। প্রধান আলোচক ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফকরুল আনোয়ার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়ব, মাহমুদ হাসান, খাদিজাতুল আনোয়ার, নুরুন্নবী রওশন, নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি, প্রাক্তন ছাত্র পরিষদের সহসভাপতি মীর মোরশেদুল আলম, উৎসব উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়কারী বখতিয়ার সাইদ, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও কলেজের অধ্যাপক পংকজ দেব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেতার-টেলিভিশনের শিল্পীরা গান পরিবেশন করেন।