নান্দাইল ও সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ডাংরি নামক স্থানে ট্রাকের ধাক্কায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ঢালে পড়ে গেলে বাসের এক যাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটেছে। বাসটি চট্টগ্রাম থেকে জামালপুরের দিকে যাচ্ছিল।
একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী পথচারী (২৫) নিহত হন।
নান্দাইলে নিহত যাত্রীর নাম মো. সবুজ মিয়া (৪০)। তাঁর বাড়ি জামালপুর জেলায়।
দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহের সদর উপজেলার বিদ্যাগঞ্জ গ্রামের মো. আজহারুল ইসলাম (৪০), জামালপুরের ইসলামপুর উপজেলার মো. মুকুল আকন্দ (৪০), মো. শামীম হোসেন (৩৮) ও ফুলপুর উপজেলার কাজিম উদ্দিন (৬৫) নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠের কাছে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী ঘটনাস্থলেই নিহত হন।