নান্দাইল-ঢাকা বাস কম, বাড়তি ভাড়া আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রস্থ বিড়ম্বনার শিকার হচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঢাকাগামী যাত্রীরা। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে গিয়ে নান্দাইল থেকে ঢাকাগামী দুটি পরিবহন সংস্থা জলসিঁড়ি ও বন্যা বাসের কাউন্টার ও নান্দাইল রোড চৌরাস্তা এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে। গতকাল শনিবার বেলা দুইটায় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, কয়েক শ যাত্রী বাসের জন্য অপেক্ষা করছে। বাসস্ট্যান্ডে কোনো বাস নেই। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার মহাখালী থেকে বাস ছেড়ে নান্দাইলে আসার পর যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা হবে। মাঝখানে ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাস আসামাত্রই আগে ওঠা নিয়ে যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়। কেন্দুয়া উপজেলার কলসহাটি গ্রামের জহিরুল ইসলাম (১৮), রাবিয়া (৪৯) জানান, প্রতিবারই তাঁরা এ সড়ক দিয়ে ঢাকা যান। এবার টিকিট কেটে পাঁচ ঘণ্টা ধরে অপেক্ষা করেও হুড়োহুড়ির কারণে বাসে উঠতে পারেননি। নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় প্রসঙ্গে বন্যা পরিবহনের পরিচালক ফিরোজ আহমেদ বলেন, ঢাকা থেকে বাসগুলো ফাঁকা আসে। তাই লোকসান কমাতে কিছু বেশি নেওয়া হচ্ছে। এ ছাড়া এখান থেকে কিছু ভিআইপি (গুরুত্বপূর্ণ) যাত্রীকে বিনা ভাড়ায় নিয়ে যেতে হয় বলেও তিনি দাবি করেন।