নান্দাইল থানার ওসির বিরুদ্ধে আবারও মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের চেষ্টার অভিযোগে করা মামলা তুলে নেওয়া না হলে অন্য মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলামের বিরুদ্ধে আবারও মামলা করেছেন ওই উপজেলার এক গৃহবধূ।গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের নির্বাহী আদালতে ওই মামলা করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। মামলাটির আরেক আসামি স্থানীয় শামছুজ্জামান বাচ্চু। অবশ্য নান্দাইল থানার ওসি ওই গৃহবধূকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন।নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের ওই গৃহবধূ তাঁকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম আদালতে গত ২০ অক্টোবর নান্দাইল থানার ওসির বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলারও আসামি শামছুজ্জামান বাচ্চু (৩২)।ওই গৃহবধূ জানান, প্রথম মামলাটি দায়েরের পর তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। ওই মামলার দ্বিতীয় আসামি শামছুজ্জামান বাচ্চু কিছুদিন পরপর তাঁর বাড়িতে এসে নানারকম ভয় দেখান। গৃহবধূ মুঠোফোনে জানান, গত ৭ নভেম্বর নান্দাইলের ওসি তাঁদের গ্রামে এসে লোকজনকে মিষ্টি খাওয়ান। পরদিন রাতে তাঁর বাড়ির পেছনের জঙ্গলে এসে চোরাই গরুর খোঁজ করেন। বাড়িতে পুরুষ না থাকায় এ রকম কর্মকাণ্ডে তিনি ভীত হয়ে পড়েন। তাই গতকাল তিনি দ্বিতীয় মামলাটি করেন।নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৭ ও ৮ নভেম্বর তিনি থানার কাজে অন্যত্র ব্যস্ত ছিলেন। ওই গৃহবধূকে কোনো হুমকি তিনি দেননি। গৃহবধূ মামলা করেছেন। সাক্ষ্য-প্রমাণে যা হয় আদালতে তা-ই হবে। মামলা দুটির অন্য আসামি শামছুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।