নান্দাইল থানার ওসির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার নান্দাইল উপজেলার বীর কামটখালী গ্রামের এক গৃহবধূ ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ মামলা করেন।মামলার আরজি ও গৃহবধূর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর স্বামীকে বিদেশে পাঠানোর জন্য একজন আদম ব্যবসায়ীকে দেড় লাখ টাকা দেন। বিদেশ পাঠাতে ব্যর্থ হলেও টাকা ফেরত দেননি ওই ব্যবসায়ী। স্থানীয় লোকজনের পরামর্শে ওই গৃহবধূ গত ২ সেপ্টেম্বর লিখিত অভিযোগ নিয়ে নান্দাইল থানায় যান। সেখানে থানার দালাল বলে পরিচিত শামছুজ্জামান বাচ্চু তাঁকে সহায়তা দেওয়ার নাম করে ওসি জাহিদুলের কক্ষে নিয়ে যান। বাচ্চু আপত্তিকর প্রস্তাব দিয়ে ওসির ইচ্ছা পূরণের কথা বলেন। এতে করে টাকা উদ্ধারের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান। ওই গৃহবধূ তাৎক্ষণিকভাবে ওসির কক্ষ থেকে বেরিয়ে যান। ঘটনার পর দিন রাত আটটার দিকে বাচ্চুকে নিয়ে ওসি জাহিদুল সাদা পোশাকে ওই গৃহবধূর বাড়িতে যান। তিনি বাচ্চুর সহায়তায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। গত ২০ সেপ্টেম্বর বাচ্চু ফোন করে গৃহবধূকে জানান, থানায় ওই আদম ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছে। থানায় গেলে তাঁকে টাকা উদ্ধার করে দেওয়া হবে। গৃহবধূ থানায় গেলে তাঁকে ওসির কক্ষে ডেকে নিয়ে আবারও শ্লীলতাহানি করা হয়।ময়মনসিংহের জেলা জজ মো. শাহ আলম অভিযোগ আমলে নিয়ে গৃহবধূর জবানবন্দি গ্রহণ করে ময়মনসিংহ মুখ্য বিচারিক আদালতের হাকিম মোহাম্মদ নাইম ফিরোজকে অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করেন। সরেজমিনে তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে ওসি জাহিদুল ইসলাম বলেন, মামলা হয়েছে শুনেছি। এখনো কোনো কাগজপত্র পাইনি। বিষয়টি নিয়ে পত্রিকায় না লেখার জন্য তিনি অনুরোধ জানান।