নান্দাইল পৌর শহরে জুয়ার আসর!
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পৌর শহরের আচারগাঁও সেতুর পাশে বড় ধরনের জুয়ার আসর চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা যায়, শহরের আচারগাঁও সেতু থেকে প্রায় ২০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে আবদুল হান্নানের বাড়ির পেছনের জঙ্গলে একটি চালাঘর তৈরি করে প্রতি রাতে জুয়ার আসর বসে। পাশেই রয়েছে আচারগাঁও সিনিয়র আলিম মাদ্রাসার অবস্থান। একটু দূরেই রয়েছে নান্দাইল-ঢাকা রোডের বাস টার্মিনাল।ওই এলাকার আবদুল হান্নান জানান, জুয়ার আসর বন্ধ করার জন্য তিনি অনেকবার মুঠোফোনে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু কোনো পদক্ষেপ দেখতে পাননি বলে তিনি হতাশ।নান্দাইল মডেল থানার ওসি বলেন, ‘শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে নির্বিঘ্নে জুয়ার আসর চলতে থাকলে এলাকার লোকজন পুলিশকে স্বাভাবিকভাবেই সন্দেহ করবে। কথা দিচ্ছি, আজকের (রোববার) পর থেকে ওই এলাকায় কোনো ধরনের জুয়ার আসর চলতে দেওয়া হবে না।’