নান্দাইল পৌর শহরের সেই জুয়ার আসরটি বন্ধ হয়নি!
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পৌর শহরের আচারগাঁও সেতুর পাশের সেই জুয়ার আসরটি বন্ধ হয়নি। থানায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানসহ বিভিন্ন উপায়ে জুয়ার আসরটি বন্ধ করার দাবি জানিয়েও সাড়া পাননি বলে জানিয়েছেন এলাকার লোকজন। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম প্রথম আলোকে ৪ মার্চ বলেছিলেন, ‘শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে নির্বিঘ্নে জুয়ার আসর চলতে থাকলে এলাকার লোকজন পুলিশের যোগসাজশ থাকা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ করবে। এতে তাদের দোষ নেই। তবে কথা দিচ্ছি, ওই এলাকায় কোনো ধরনের জুয়ার আসর চলতে দেওয়া হবে না।’ ওসির এ ধরনের বক্তব্যের পরও জুয়ার আসরটি বন্ধ হয়নি।নান্দাইল পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আহমেদ খান বলেন, ‘আপনি তো বুঝতে পারছেন, জুয়ার আসরটি কেন বন্ধ হচ্ছে না। তা হলে আমার কাছে জানতে চাইছেন কেন? আমি কাউন্সিলর হলেও জুয়ার আসর বন্ধ করার ক্ষমতা আমার হাতে নেই। যাঁদের দায়িত্ব বা ক্ষমতা রয়েছে, তাঁদের জিজ্ঞেস করুন।’খোঁজ নিয়ে জানা যায়, শহরের আচারগাঁও সেতু থেকে প্রায় ২০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জঙ্গলের মধ্যে একটি চালাঘর বানিয়ে প্রতি রাতে জুয়ার আসরটি চলছে। এই আসরের কাছাকাছি রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, বাস টার্মিনাল, মসজিদ। এমন একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে সন্ধ্যার পর থেকে রাতব্যাপী জুয়া খেলা চলতে দেখে এলাকার লোকজন বিস্ময় প্রকাশ করেছেন।পুলিশ সুপার (এসপি) মো. গোলাম কিবরিয়া বলেন, ‘আপনি বিষয়টি নিয়ে নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির সঙ্গে কথা বলুন। আমি নান্দাইল থানার ওসিকে বলে দিচ্ছি।’নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, ‘আমি এটা প্রথম শুনলাম, আপনারা সহায়তা করলে জুয়ার আসর গুঁড়িয়ে দিয়ে জুয়াড়িদের হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’