নান্দাইল পৌর শহরের সড়কগুলো বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিরুল ইসলাম একজন মুঠোফোন প্রকৌশলী। নান্দাইল পৌর শহরের হাসপাতাল সড়কে তাঁর একটি সার্ভিসিং সেন্টার ও প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। তিনি তাঁর পরনের পোশাকে ছোপ ছোপ কাদা দেখিয়ে বলেন, বাসা থেকে প্রতিষ্ঠানে আসার পথে তাঁর এ রকম বেহাল দশা হয়েছে।এভাবেই বর্ষা মৌসুমে প্রতিদিন বাইরে থেকে যারা নানা প্রয়োজনে নান্দাইল পৌর শহরে আসে, তাদের কাদা মাড়িয়ে দৈনন্দিন কাজ সারতে হচ্ছে।১৯৯৭ সালে উপজেলা সদর এলাকা পৌরসভায় উন্নীত হলেও নাগরিক সুবিধা বাড়েনি। আশির দশকে নির্মিত প্রধান দুটি সড়কের সিসি ঢালাই ভেঙে চৌচির হয়ে গেছে। ভাঙা অংশে পানি জমে থাকার কারণে বর্ষাকালে হেঁটে চলাচল করা দায়। দীর্ঘ সময়ে সংস্কার না করায় চলাচলের উপযোগিতা হারিয়েছে সড়কগুলো।শহরের পুরোনো পানি নিষ্কাশনের নালাগুলো ভেঙে যাওয়ায় ওগুলো এখন মাটিচাপা পড়ে বেদখল হয়ে গেছে। তাই সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে থাকে। হাসপাতাল সড়ক, মধ্যবাজার, দেওয়ানগঞ্জ সড়ক ও বাসস্ট্যান্ড সড়কের পানি নিষ্কাশনের কোনো নালা নেই।শহরের ফুটপাতের দোকানি জালাল উদ্দিন বলেন, সড়ক দিয়ে সাধারণ গতির কোনো যানবাহন চলাচল করলে পানি ছিটকে এসে পথচারীর শরীরে পড়ে। বিদ্যালয়গামী শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায়।চাকরিজীবী আ. হাদী ভুঁইয়া জানান, কাঁচাবাজারের থক্থকে কাদার কারণে দাঁড়িয়ে কেনাকাটা করা যাচ্ছে না। মাছমহালের টিনশেডের ভেতরে পর্যন্ত থক্থকে কাদা। ফুটপাতে দোকান বসার কারণে পথচারীদের পথ চলার বিকল্প নেই। কর্দমাক্ত সড়ক এড়িয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বারান্দা দিয়ে চলতে হয় পথচারীদের।নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুজ্জামান ভুঁইয়া মনির সড়কের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সড়কটি পুনর্নির্মাণের জন্য দরপত্রের কাজ শেষ করার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করেছে। বাকি সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে বলে জানান তিনি।