নান্দাইল-বালিপাড়া খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়
ময়মনসিংহের নান্দাইল ও ত্রিশাল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের নান্দাইল-বালিপাড়া খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে ইজারাদারের লোকজনের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডা থেকে শুরু করে হাতাহাতি হলেও কোনো সুরাহা হচ্ছে না।নান্দাইলের পশ্চিম সীমান্তের বেতাগৈর ইউনিয়নের চরভেলামারী ও ত্রিশালের বালিপাড়া বাজারের মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদ পাড়ি দিতে হয় খেয়ায়। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিদিন নান্দাইলের খারুয়া, বেতাগৈর, সেরপুর ও মোয়াজ্জেমপুর এলাকার বিপুলসংখ্যক লোক রাজধানী ঢাকাসহ ত্রিশাল, ভালুকা ও ময়মনসিংহ শহরে যেতে নান্দাইল-বালিপাড়া খেয়াঘাট পারি দেয়। দূরত্ব অপেক্ষাকৃত কম হয় বলে নান্দাইল সদরের অনেকেই এই পথ বেছে নেয়। খেয়াঘাটের অপর পারে ত্রিশাল উপজেলার বালিপাড়া বাজার।ভুক্তভোগীরা জানান, ঘাট পার হওয়ার সময় দুটি স্থানে তাঁদের কাছ থেকে টোল আদায় করা হয়—একবার নৌকায়, আরেকবার নদ পার হওয়ার পর বালিপাড়ায় স্থাপিত টোলঘরে। নৌকায় মাথাপিছু নেওয়া হয় পাঁচ টাকা, টোলঘরে আরও পাঁচ টাকা। সঙ্গে কোনো বোঝা থাকলে দুই জায়গায় আদায় করা হয় যথাক্রমে ২০ ও ৪০ টাকা। গরু ও মোটরসাইকেল পারাপারের জন্য নেওয়া হয় ৫০ টাকা করে। বেতাগৈরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, ঈদ আসায় ঘাট দিয়ে বেশি লোক চলাচল করছে। এখন দুর্ভোগও চরমে উঠেছে।বাড়তি টোল আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন বেতাগৈরের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিবুর রহমান।ইজারাদার আ. সামাদ বলেন, চলতি বছর (বাংলা ১৪১৮) তিনি ১৯ লাখ টাকা দিয়ে জেলা পরিষদ থেকে ওই খেয়াঘাট ইজারা নিয়েছেন। ঘাট চালাতে গেলে স্থানীয় রাজনৈতিক নেতাদেরও খুশি রাখতে হয়। এ অবস্থায় সরকারি হারে টোল আদায় করলে তাঁর পোষায় না। গতকাল বুধবার মুঠোফোনে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাসানুল ইসলাম বলেন, ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পরিষদ সচিবকে দিয়ে তদন্ত করা হয়েছে। তিনি প্রতিবেদন জমা দিয়েছেন।