নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি নষ্ট
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের দাবি ১৫ দিন ধরে মেশিনটি নষ্ট রয়েছে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক্স-রে মেশিনটি যখন চালু অবস্থায় ছিল তখন অধিকাংশ সময় এ বিভাগটি বন্ধ থাকত বলে রোগীরা অভিযোগ করেছেন। যখন নান্দাইলে বিদ্যুতের লোডশেডিং চলত, তখন বিভাগটি খোলা রাখা হতো।অফিস সময় শেষ হওয়ার আগেই এক্স-রে বিভাগটি বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন রোগীরা। গত এপ্রিল মাসের শেষ ১৫ দিন ও চলতি মে মাসের প্রথম সপ্তাহে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, প্রতি কর্মদিবসের শুরুতেই এক্স-রে বিভাগে ছুটির নোটিশ ঝুলিয়ে রাখা হতো। যখন বিদ্যুতের লোডশেডিং চলত, তখন ওই ছুটির নোটিশটি খুলে রাখা হতো। কিন্তু এ সময় মেশিন অপারেটর (রেডিওগ্রাফার) কক্ষে থাকতেন না। সে সময় অপেক্ষমাণ রোগীদের কক্ষটির সামনে বসে থাকতে দেখা যেত। গত ১৫ মে হাসপাতালে গিয়ে দেখা গেছে, এক্স-রে কক্ষটিতে তালা ঝুলছে।নান্দাইলের বেতাগের ইউপির সগ্রাদী গ্রামের আবুল কাশেম (৫৫) জানান, তাঁর মেয়ের ডান হাতের এক্স-রে বেশি টাকা খরচ করে বাইরে থেকে করাতে হয়েছে। গতকাল শনিবার গিয়ে দেখা যায়, ‘এক্স-রে মেশিন নষ্ট থাকায় সকল প্রকার এক্স-রে বন্ধ’ লিখে একটি নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে। হাসপাতালে গিয়ে মেশিন অপারেটর শাহীদুল ইসলামকে পাওয়া যায়নি।হাসপাতালের এক্স-রে মেশিনটি নষ্ট থাকায় বাইরের ক্লিনিকগুলোতে জমজমাট ব্যবসা চলছে। নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা (ইউএইচএ) আবুল কাশেম বলেন, ১৫ দিন ধরে এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে পড়েছে। এ বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার বিকেল চারটা ২৩ মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন সঞ্জীব চক্রবর্তী প্রথম আলোকে জানান, নান্দাইল হাসপাতালের এক্স-রে মেশিন নষ্টের বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে কোনো চিঠি পেয়েছেন কি না প্রশ্ন করা হলে বলেন, তিনি কোনো চিঠি পাননি।