নান্দাইলে অটোরিকশা ও পিকআপ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কে গত রোববার থেকে যাত্রীবাহী পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধ রয়েছে। এ কারণে উপজেলার শেরপুর ও খারুয়া ইউনিয়নের ২০টি গ্রামের শত শত যাত্রী তিন দিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছে।

সংশ্লিষ্ট যানবাহনের চালকেরা জানান, খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজার এলাকায় গত রোববার সকালে নান্দাইলের পিকআপচালক জহিরুল ইসলামকে মারধর করেন দেওয়ানগঞ্জ এলাকার অটোরিকশাচালকেরা। এ খবর জানাজানি হলে নান্দাইলের পিকআপচালকেরা দেওয়ানগঞ্জ এলাকার অটোরিকশাচালকদের মারধর করেন। এ ঘটনার পর থেকে ওই সড়কে পিকআপ ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। নান্দাইলের অটোরিকশাচালক মানিক মিয়া বলেন, ‘মারধরের ভয়ে ওই সড়কে গাড়ি চালানো বন্ধ রাখছি।’

মোজামেঞ্চল হোসেন নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জানান, তিন দিন ধরে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যাতায়াত করতে হচ্ছে।

শেরপুর ও খারুয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, যান চলাচল বন্ধ থাকায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।