নান্দাইলে অধিকাংশ উপকারভোগী নারী বরাদ্দের চাল পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে অধিকাংশ উপকারভোগী নারী সরকারি বরাদ্দের চাল পাননি। এ ছাড়া বরাদ্দে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে দুস্থ নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা টানা দুই বছর প্রতি মাসে উল্লিখিত পরিমাণ বরাদ্দ পাবেন। আচারগাঁও ইউনিয়নে এ ধরনের তালিকাভুক্ত দুস্থ নারীর সংখ্যা ১৭৫ জন। দুই বছর ধরে তাঁরা এই বরাদ্দ পাচ্ছেন।
কয়েকজন উপকারভোগী নারী বলেন, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসের বরাদ্দ তাঁদের পাওনা রয়েছে। ওই বরাদ্দ নিতে গত বৃহস্পতিবার তাঁরা আচারগাঁও ইউপি কার্যালয়ে আসেন। এদিন সারা দিন অপেক্ষা করিয়ে কয়েকজনকে বরাদ্দ দিয়ে রাত হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে বাকিদের বিদায় করে দেওয়া হয়। মাঝখানে দুদিন সরকারি ছুটি থাকার পর গতকাল রোববার সকালে তাঁরা আবারও ইউপি কার্যালয়ে আসেন। কিন্তু বেলা সাড়ে তিনটা পর্যন্ত ইউপি চেয়ারম্যান এ কে এম মোফাজ্জল হোসেন তাঁর কার্যালয়ে আসেননি। ইউপি সচিব মো. নজরুল ইসলাম এসেছেন বেলা দুইটার পর। গতকাল মাত্র কয়েকজনকে চাল দেওয়া হয়েছে।
ওই নারীরা অভিযোগ করে বলেন, সরকার–নির্ধারিত ৩০ কেজির স্থলে তাঁদের ২৪-২৫ কেজি করে চাল দেওয়া হয়। দুই মাসের বরাদ্দ (৬০ কেজি) একসঙ্গে দেওয়া হলে তখন সর্বোচ্চ ৪০ থেকে ৪২ কেজি চাল দেওয়া হয়।
আচারগাঁওয়ের ধরগাঁও গ্রামের চারজন দুস্থ উপকারভোগী নারী বলেন, প্রতিবার ইউপি ভবনে যাওয়া-আসায় তাঁদের খরচ হয় ৫০ টাকা। অথচ দুদিন ধরে ঘুরছেন বরাদ্দ নেওয়ার জন্য।
ইউপি ভবনের সামনে দাঁড়িয়ে কথা হয় আবদুল বারেক, ফারুক মিয়া ও খুররম মিয়া নামের তিন চাল ক্রেতার সঙ্গে। তাঁরা বলেন, পরিবহন খরচের কথা ভেবে কিছু উপকারভোগী বাড়িতে চাল না নিয়ে তাঁদের কাছে বিক্রি করে দেন। গত বৃহস্পতিবার চাল কেনার সময় তাঁরা প্রতি বস্তার ওজন মেপে সাড়ে ২৫ থেকে ২৬ কেজি করে চাল পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আচারগাঁওয়ের ইউপি সদস্য মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, এমদাদুল হক, সিরাজ মিয়া ও শহীদ মিয়া গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অপকর্ম ইউপি চেয়ারম্যান এ কে এম মোফাজ্জল হোসেন ও ইউপি সচিব নজরুল ইসলাম মিলে করছেন। আমরা এই দায় নেব না বলেই বিষয়টি প্রশাসনকে জানাতে উপজেলা সদরে এসেছি।’
এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান এ কে এম মোফাজ্জল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে বরাদ্দ বিতরণের কাজ তদারক করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি বলেন, উপকারভোগীদের চাল বিতরণের বিষয়ে তাঁকে ইউপি থেকে কোনো সময়ই কিছু জানানো হয় না। জানালে হয়তো দুস্থ নারীদের অভিযোগ শুনে তিনি প্রতিকার করতে পারতেন।