নান্দাইলে অবাধে চলছে নছিমন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সংখ্যা বেড়ে গেছে। পৌর শহরসহ গ্রোথ সেন্টারগুলোর (ইউপি) প্রত্যেকটি সড়ক এখন ভটভটি নামের শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যানের কবজায়। সড়কে কিংবা তার পাশে এসব যান দাঁড় করিয়ে রাখার ফলে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। পথচারীদের চলাচল করতে দুর্ভোগে পড়তে হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া প্রথম আলোকে জানান, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, শ্যালো ইঞ্জিনচালিত এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। যাত্রী পরিবহন করারও কোনো অনুমোদন নেই। নাম প্রকাশ না করে যাত্রীবাহী ভটভটির একাধিক চালক জানান, ‘দৈনিক অথবা মাসিক হারে তাঁদের কাছ থেকে পুলিশের লোকজন টাকা নেয়। টাকা আদায়কারীদের নাম জানতে চাইলে তাঁরা বলেন, ‘নাম কইয়া ঝামেলাত পড়তাম নাহি।’ এ ছাড়া নান্দাইল বাজারের ইজারাদারের পক্ষে শহরে চালাচলকারী প্রতিটি ভটভটির কাছ থেকে ১০ টাকা করে নেওয়া হয়। ইজারাদারের প্রতিনিধি জুয়েল মিয়া (২২), আবুল কালাম (৩৫) প্রতিটি ভটভটি থেকে ১০ টাকা করে আদায়ের কথা স্বীকার করেন। পৌর শহরের সড়ক ব্যবহার করায় তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয় বলে জানান তাঁরা।গত ১৬ সেপ্টেম্বর ভটভটির চাকার নিচে পড়ে প্রাণ হারায় লিজা আক্তার নামে এক কিশোরী। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের তারঘাট এলাকায় ভটভটি থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু ঘটে। এসব ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। নান্দাইল পৌরসভার মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল বলেন, পৌরসভা থেকে ভটভটি চালানোর কোনো লাইসেন্স দেওয়া হয় না। নাগরিক আন্দোলনের নান্দাইল উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমান ফকির বলেন, সরকারি অনুমোদনবিহীন কোনো যানবাহনে যাত্রী বহন করা বেআইনি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধে এর আগে সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোর কাছে স্বীকার করে বলেন, এসব যানবাহন অবৈধ। এসব যানবাহনের দ্বারা সৃষ্ট দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। কিন্তু ওদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলাও করা যায় না। স্থানীয় সংসদ সদস্যদের নির্দেশ রয়েছে এগুলো বন্ধ করে দেওয়ার।