নান্দাইলে অবাধে ঢুকছে মাদক
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর ও গ্রামাঞ্চলে অবাধে ঢুকছে মাদক। মাদক ব্যবসায়ীদের কয়েকটি চক্র বিপুল পরিমাণ মাদক এনে বিক্রি করছে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। মাদকে আসক্ত হয়ে পড়ছেন এলাকার তরুণ-যুবকেরা।জানা গেছে, বিভিন্ন স্থান থেকে উপজেলা সদর ও আশপাশের গ্রামে আসছে মাদকের চালান। এর মধ্যে আছে গাঁজা, ফেনসিডিল ও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ। নতুন মাদকের মধ্যে রয়েছে রিকোডেক্স। ভারতে তৈরি ডেন্ডরাইট নামের একধরনের অ্যাডহেসিভও (আঠা) মাদক হিসেবে ব্যবহূত হচ্ছে। রেক্টিফায়েড স্পিরিটও বোতলে ভরে মাদক হিসেবে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। এ ছাড়া চোলাই মদ তৈরির ছোট ছোট কারখানা গড়ে উঠেছে।উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বটপুর বাজার ও কালির বাজার, নান্দাইল পৌর এলাকার পোড়াবাড়িয়া এবং গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড রেলস্টেশনের কাছে চোলাই মদ তৈরির কারখানা রয়েছে বলে জানা গেছে।১ ডিসেম্বর পাঁচ কেজি গাঁজাসহ খারুয়া ইউনিয়নের বনগ্রামের সুলতান উদ্দিনকে আটক করে র্যাব। ১৭ ডিসেম্বর রাতে উপজেলার মুশুলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আহমদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ১৫২ বোতল ফেনসিডিল ও ১৪২ বোতল রিকোডেক্সের একটি চালান উদ্ধার করা হয়। এ সময় আহমদ আলীর ছেলে মাসুদ ও ঈশ্বরগঞ্জ এলাকার রুবেলকে আটক করে র্যাব।নয়াপাড়া গ্রামের একটি সূত্রের অভিযোগ, আহমেদ আলীর বাড়িতে কিছুদিন পর পর প্রাইভেটকারযোগে মদের চালান আসে। এ ব্যাপারে আহমদ আলীর বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি নাম প্রকাশ না করে বলেন, মেছেরকান্দা, নয়াপাড়া ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় মাদকদ্রব্য বিক্রি করা হয়।১৮ ডিসেম্বর রাতে নান্দাইল পৌর বাজারে ঢোকার সময় ২০ লিটার চোলাই মদসহ একটি মোটরবাইক আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মজনু মিয়া, রসুল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করে।বিশ্ব সাহিত্যকেন্দ্রের নান্দাইল শাখার পরিচালক আলী আশকার খান জানান, এলাকার অল্প বয়সী ছেলেরা চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের ভেতরের মাঠে বসে ডেন্ডরাইট দিয়ে নেশা করে। এ ছাড়া নান্দাইল কলেজমাঠে ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক জানান, সন্ধ্যার পর কলেজমাঠসহ এলাকার কয়েকটি স্থানে মাদকসেবীদের আড্ডা বসে।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, কুমিল্লা থেকে কিশোরগঞ্জ হয়ে এখানে গাঁজার চালান আসে। ফেনসিডিলের চালান ঢাকা থেকে কিশোরগঞ্জ হয়ে ঈশ্বরগঞ্জ ও নান্দাইলে আসে। এসব মাদকের চালান সম্পর্কে যারা পুলিশকে তথ্য দিত, তারাই এখন মাদক ব্যবসায়ীদের সহযোগী। ফলে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। তার পরও মাদক নির্মূলে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।