নান্দাইলে অ্যাসিড নিক্ষেপকারী যুবক গ্রেপ্তার হননি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কলেজছাত্রী ফেরদৌস আরার ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুবক শফিকুল ইসলাম (২২) গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার হননি। ফেরদৌসের বড় ভাই সাইফুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফেরদৌস সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। পুরোপুরি সেরে উঠলে তাঁকে কলেজে পাঠানো হবে। ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী জানান, ৬ নভেম্বর নিজ গ্রাম নিভিয়াঘাটা থেকে শহরে অবস্থিত মুমিনুন্নিছা সরকারি মহিলা কলেজে যাওয়ার পথে ফেরদৌস আরা অ্যাসিড হামলার শিকার হন। এ ঘটনায় ওই দিন বিকেলেই তাঁর বাবা শিক্ষক আবদুস ছাত্তার থানায় একটি মামলা করেন। ঘটনার পরদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অ্যাসিডদগ্ধ ছাত্রীর খোঁজ নেন। জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া ও কলেজের উপাধ্যক্ষ মো. আবু তাহের ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে যান। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে সুখবর দিতে পারব বলে আশা করছি।’