নান্দাইলে আ.লীগের কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল শনিবার ভাঙচুর করা হয়েছে। এ সময় কার্যালয়ে অবস্থানরত ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া সামান্য আহত হন।রুবেল মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে স্থানীয় বদিউজ্জামান খানের নেতৃত্বে কিছু যুবক আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালান এবং ভাঙচুর করেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাঁধানো ছবি, আসবাব ও টেলিভিশন ভাঙচুর করেন।সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনু মিয়া জানান, সপ্তাহ খানেক আগে শিবিরের কর্মী রুকন মিয়া এলাকায় এসে বদরুল মাস্টারের ছেলে বদিউজ্জামান খানের বাড়িতে কিছু যুবককে সংগঠিত করে জামায়াতের নামে একটি সভার আয়োজন করেন। স্থানীয় ছাত্রলীগ এ ঘটনার প্রতিবাদ জানালে উত্তেজনা দেখা দেয়। সম্ভবত এর জের ধরেই বদিউজ্জামান খান হামলা চালিয়েছেন। এ ব্যাপারে বদিউজ্জামান খানের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।নান্দাইল মডেল থানার এসআই দুলাল চন্দ্র সেন জানান, এ ঘটনায় বিকেল চারটা পর্যন্ত কেউ অভিযোগ করেননি।