শেরপুরে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন
শেরপুরে স্কুলশিক্ষক হাবিবুর রহমান হত্যা মামলার রায়ে দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন গত বৃহস্পতিবার বিকেলে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার সাপমারী গ্রামের সফেদ আলীর ছেলে এরশাদ আলী (৫৫) ও আনসার আলী (৫০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ওই মামলার অপর পাঁচ আসামি সাইফুল ইসলাম, শাপলা মিয়া, মোক্তার আলী, মিয়ার উদ্দিন ও ফারুক মিয়াকে খালাস দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০০২ সালের ১৭ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার সাপমারী গ্রামের কাজীম উদ্দিনের ছেলে হাবিবুর রহমানকে বাড়ির কাছে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন প্রতিপক্ষের এরশাদ আলী, তাঁর ভাইসহ সহযোগীরা। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই হরমুজ আলী বাদী হয়ে এরশাদ, আনসারসহ নয়জনকে আসামি করে শেরপুর সদর থানায় হত্যা মামলা করেন।