নান্দাইলে আ.লীগের পাল্টা সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ ও স্থানীয় প্রশাসনকে হেয় করতে সাংবাদিকদের ভুয়া তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হাসান মাহমুদ।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে নান্দাইল পৌর শহরে নতুনবাজার এলাকায় সাংসদ আনোয়ারুল আবেদিন খানের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় সেখানে নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া, সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আল-আমীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ নান্দাইলে ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীদের সংবাদ সম্মেলনের দিকে ইঙ্গিত করে বলেন, একটি কুচক্রী মহল সাংসদ ও প্রশাসনকে হেয় প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে। তারা সাংবাদিকদের ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। সাংসদ আনোয়ারুল নান্দাইলের সর্বত্র উন্নয়ন কর্মকাণ্ড করে চলেছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়নি।
ওই নেতা বলেন, গত পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছেন। প্রশাসন নিরপেক্ষ ছিল বলেই আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করতে পেরেছেন।
নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করে শনিবার দুপুরে সাবরেজিস্ট্রার কার্যালয় মাঠে সংবাদ সম্মেলন করেন। তাঁরা আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে আনোয়ারুল আবেদিন পথসভা করে নির্বাচনী আচরণ লঙ্ঘন করে চলেছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম বলেন, ‘প্রশাসনের ভূমিকা নিয়ে যেকোনো ব্যক্তি তাঁর ব্যক্তিগত মতামত ব্যক্ত করতেই পারেন। আমরা কাউকে আমাদের পক্ষে কথা বলতে বলিনি।’