নান্দাইলে আ.লীগের ১২ বিদ্রোহী বহিষ্কার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের ১২ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. আজিজুল ইসলাম, সাবেক কার্যকরী সদস্য এ বি ছিদ্দিক, নান্দাইল উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আবু নাঈম ভূঁইয়া, সাবেক সহসভাপতি মো. শাহাব উদ্দিন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান, সিংরইল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাসিম উদ্দিন, আচারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য মোস্তফা কামাল ওয়ানিছ, খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আফাজ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হলো। প্রত্যেককে নৌকা প্রতীকের প্রার্থীর অভিযোগ ও আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ ধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বলেন, গত শনিবার দলীয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর তিনি প্রত্যেককে চিঠি পাঠিয়েছেন। তবে বহিষ্কৃত দুজন বলেন, ‘ইউপি নির্বাচন করতে চাই কি না সে বিষয়ে দলের গঠনতন্ত্র মোতাবেক কেউ জানতে পর্যন্ত চাননি। তৃণমূলের নেতাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেননি কেউ। যে দলের জন্য জীবনের অনেকটা সময় বিলিয়ে দিয়েছি, জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছি; সেই দল এখন ক্ষমতায়। আর কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ না পাঠিয়ে পাইকারি হারে বহিষ্কারের নোটিশ পাঠানো হলো।’