নান্দাইলে আওয়ামী লীগ নেতাকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত রোববার রফিকুল ইসলাম (৫১) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রফিকুলের বাড়ি উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ আবদুল হামিদ মিয়া।

রফিকুল নিজেকে গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করে বলেন, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে কিশোরগঞ্জ শহর থেকে কোনো কারণ ছাড়াই তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে মোটরযান অধ্যাদেশ আইন লঙ্ঘনের অভিযোগ ও চোলাই মদ রাখার অভিযোগ আনেন। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি চালক লাইসেন্স, বিমা না করা ও মোটরসাইকেলটি নিবন্ধন না করার বিষয়টি স্বীকার করলে আদালত রফিকুলকে ওই শাস্তি দেন।  

ওসি খন্দকার জাহিদুল ইসলাম বলেন, রফিকুলকে নান্দাইলের সীমানায় ধরার চেষ্টা করে পুলিশ। কিন্তু তিনি পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জ চলে যান। এ কারণে তাঁকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রফিকুল বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নানা অভিযোগ করে স্থানীয় প্রশাসনকে হয়রানি করে চলেছেন। অথচ তিনি নিজেই আইনভঙ্গের দায়ে দণ্ডিত হয়েছেন।