নান্দাইলে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা, বিক্ষোভ, আটক ১
ময়মনসিংহের নান্দাইলে পৌরসভার সাবেক কমিশনার ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আজিজুল হককে (৪৮) গত সোমবার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে নান্দাইল বাজার থেকে হেঁটে আচারগাঁও এলাকার বাড়িতে ফিরছিলেন আজিজুল হক। বাড়ির কাছাকাছি আচারগাঁও সেতুর ওপর পৌঁছালে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।ঘটনাস্থলের কাছাকাছি একটি দোকানের মালিক হাদিস মিয়া জানান, চিত্কার শুনতে পেয়ে তিনি এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় আজিজুলকে দেখতে পান। তিনি দ্রুত লোকজন ডেকে তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, খবর পেয়ে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। আহত আজিজুল তাঁর খুনিদের নাম পুলিশকে জানিয়ে গেছেন। তবে তদন্তের স্বার্থে এখন তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। নিহত আজিজুলের ছেলে আল-আমীন ও শাহ আলম জানান, দুই প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ চলছে। তারাই লোকজন নিয়ে তাঁদের বাবাকে হত্যা করেছে বলে জানতে পেরেছেন।আজিজুলকে হত্যার প্রতিবাদে গতকাল দুপুরে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ লোকজন। মিছিল শেষে বিক্ষুব্ধ লোকজন হত্যাকারী অভিযোগে আজিজুলের প্রতিবেশী আবদুর রহিম ও বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জনতা হত্যাকারী সন্দেহে বাচ্চু মিয়ার বাড়ি থেকে মোফাজ্জল হোসেন নামের একজনকে আটক করে পুলিশ সোপর্দ করে।