নান্দাইলে ইজিবাইক-পিকআপের সংঘর্ষে কলেজছাত্র নিহত
ময়মনসিংহের নান্দাইল-তাড়াইল সড়কে একটি ইজিবাইক ও হাঁসভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে রাজীব তালুকদার (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ছয় যাত্রী গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের খলাপড়া কমিউনিটি ক্লিনিকের কাছে এ ঘটনা ঘটেছে। আহত যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে থাকা নান্দাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ জানান, নান্দাইল চৌরাস্তা থেকে একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত ইজিবাইক তাড়াইল উপজেলার দিকে যাচ্ছিল। এটি খলাপড়া কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে হাঁস বহনকারী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে যাত্রীদের সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত যাত্রীদের প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর রাজীব তালুকদার নামে এক কলেজছাত্র মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাজীব তালুকদার দিঘদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের রঞ্জন তালুকদারের ছেলে। তিনি ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নান্দাইল উপজেলার ধরগাঁও গ্রামের আব্দুস সামাদ ও নান্দাইল রোড এলাকার ইজিবাইক চালক আল-আমীন।