নান্দাইলে এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে মামলা করেছেন।
গতকাল বুধবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, তিন মাস আগে ওই নারীর বিয়ে হয়। স্বামী তাঁকে এখনো উঠিয়ে না নেওয়ায় তিনি বাবার বাড়ি অবস্থান করছিলেন। ২৯ সেপ্টেম্বর তাঁর মা অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় বাড়িতে তিনি একা ছিলেন। বাবা-মা চলে যাওয়ার কিছুক্ষণ পর উপজেলার ঘোষপালা গ্রামের রতন মিয়া (২৫) ও নয়ন মিয়া (২২) তাঁদের বাড়িতে এসে জোর করে ঘরে ঢোকেন।
এ সময় তিনি চিৎকার শুরু করলে তাঁকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করা হয়। এরপর ওই দুই যুবক তাঁর ওপর পাশবিক নির্যাতন চালান। পরে মা-বাবা বাড়ি ফিরে এলে তিনি ঘটনাটি তাঁদের জানান।
ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ায় এখন স্বামী ওই নারীকে গ্রহণ করতে চাচ্ছেন না। তাই কোনো উপায় না পেয়ে তিনি মামলা করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল হাই বলেন, ‘ওই নারীর পরিবার আমার কাছে অভিযোগ করলে আমি অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানার জন্য ওদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কিছুই করা সম্ভব হয়নি।’
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম মামলা হওয়ার ঘটনা নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।