নান্দাইলে একজন শিক্ষকে চলছে একটি বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রছাত্রী ৩৮০ জন। শিক্ষক একজন। তিন বছর ধরে একজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান থেকে শুরু করে বিদ্যালয়ের যাবতীয় দাপ্তরিক কাজ করে যাচ্ছেন। এ চিত্র ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বীর ঘোষপালা বেসরকারি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম এভাবে চললেও শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অভিভাবকেরা নিজ উদ্যোগে দুজন শিক্ষক নিয়োগ দিলেও বেতনের ব্যবস্থা করতে না পারায় তাঁরা চলে গেছেন।বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। ১৯৯০ সালে এটি সরকারি ভাতার আওতায় আসে। স্কুলে শিক্ষক ছিলেন চারজন। এর মধ্যে দুজন শিক্ষক মারা গেছেন, আর একজন চলে যান অবসরে। ২০০৭ সালের মার্চ থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে শুরু করে সব দায়িত্ব পালন করে যাচ্ছেন আবদুল হক।তিনি বলেন, বিদ্যালয়ের এ অবস্থা দেখে অভিভাবকেরা স্থানীয় দুজন মেয়েকে শিক্ষকতার কাজে নিয়োগ করেন। কিন্তু বেতনের ব্যবস্থা ও ভবিষ্যৎ চাকরির নিশ্চয়তা দিতে না পারায় তাঁরা চলে গেছেন।আবদুল হক বলেন, দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে সেদিন বিদ্যালয় বন্ধ রাখতে হয়। বিদ্যালয়ের ভবনটিও জীর্ণ। ৩৮০ জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ২৯ জোড়া বেঞ্চ। নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ বলেন, দীর্ঘদিন নান্দাইল উপজেলা শিক্ষা কমিটি ছিল না। এ কারণে শিক্ষক নিয়োগ করা যায়নি।