নান্দাইলে একদিনে ৩ বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার তিনটি বাল্যবিবাহের আয়োজন বন্ধ হয়েছে। এ ছাড়া নাটোরের বাগাতিপাড়ায় গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী।

প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নান্দাইলে তিন বাল্যবিবাহের একটির আয়োজন করা হয় উপজেলার বেতাগৈর ইউনিয়নের একটি গ্রামে। কৃষক বাবার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের (১৩) সঙ্গে পাশের গফরগাঁও উপজেলার সৌদি আরব প্রবাসী এক যুবকের বিয়ে ঠিক হয়। অন্যদিকে নান্দাইল পৌরসভার একজন বাসিন্দার মেয়ের (১৬) সঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম এলাকার এক যুবকের (২২) ও পৌরসভার আরেক বাসিন্দার মেয়ের (১৫) সঙ্গে পাশের একটি গ্রামের এক ছেলের বিয়ের ঠিক করা হয়। তিনটি বিয়েরই আয়োজন চলার খবর পান ইউএনও হাফিজুর রহমান। তিনটি বিয়ের আসরেই পুলিশ নিয়ে উপস্থিত হন তিনি। কোনো অভিভাবকই কনের বয়স-সংক্রান্ত সঠিক সনদ দেখাতে পারেননি। এরপর বাল্যবিবাহের এসব আয়োজন বন্ধের নির্দেশ দেন এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেন।

ইউএনও হাফিজুর রহমান বলেন, লোকজনের সচেতনতার কারণেই বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।

নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, এ উপজেলার একটি গ্রামের এক কিশোরীর সঙ্গে তকিনগর মধ্যপাড়া গ্রামের একজন যুবকের বিয়ে ঠিক হয়। গতকাল এ বিয়ে হওয়ার কথা ছিল। আমন্ত্রিত অতিথিদের ভোজনপর্ব চলার সময় এই বিয়ের খবর পেয়ে নির্বাহী হাকিম আহসান হাবিব কনের বাড়িতে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করান। পরে কনের পরিবারের কাছ থেকে ১৮ বছর বয়স হওয়ার আগে মেয়েটির বিয়ে না দেওয়ার হলফনামা নেওয়া হয়।

আহসান হাবিব বলেন, কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ে বন্ধ করা হয়েছে। ওই কিশোরী গতবার এসএসসি পরীক্ষা দিয়েছে।