নান্দাইলে ও ধুনটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ময়মনসিংহের নান্দাইলে ও বগুড়ার ধুনটে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার দুজন নিহত হয়েছেন। নান্দাইলে নিহত ব্যক্তির নাম মো. সবুজ মিয়া (৪০)। তাঁর বাড়ি জামালপুর জেলায়। আর ধুনটে নিহত ব্যক্তির নাম হারুনুর রশিদ (৪৫)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেড়িপোটল গ্রামে। তিনি একজন শ্রমিক ছিলেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর..
নান্দাইল (ময়মনসিংহ): দুর্ঘটনার শিকার বাসের চালকের সহকারী মো. আবুল কালাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে তাঁদের বাসটি জামালপুরে যাচ্ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটি নান্দাইল চৌরাস্তায় পুলিশ ফাঁড়ির কাছে কিছু যাত্রী নামায়। সেখান থেকে যাওয়ার পথে নান্দাইলের ডাংরি এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক মুখোমুখি চলে এলে বাসের চালক বাম দিকে মোড় নিয়ে ট্রাকটিকে পাশ কাটানোর চেষ্টা করেন। কিন্তু ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ঢালে পড়ে যায়। সে সময় বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহের সদর উপজেলার বিদ্যাগঞ্জ গ্রামের মো. আজহারুল ইসলাম (৪০), জামালপুরের ইসলামপুর উপজেলার মো. মুকুল আকন্দ (৪০), মো. শামীম হোসেন (৩৮) ও ফুলপুর উপজেলার কাজিম উদ্দিন (৬৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নান্দাইল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আবদুল জলিল বলেন, আহত যাত্রীদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের পুলিশ ফাঁড়ির এক হাবিলদারের মাধ্যমে তিনি নিহত যাত্রীর পরিচয় জানতে পারেন।
ধুনট (বগুড়া): ধুনটের আড়কাটিয়া বাজারের স্থানীয় লোকজন জানান, জোড়শিমুল এলাকা থেকে খড়িবোঝাই একটি ট্রাকে চড়ে হারুনুর রশিদ কাজিপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। এসময় চলন্ত ট্রাক থেকে রাস্তায় পড়ে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল সহকারী হাফিজুর রহমান বলেন, গুরুতর আহত হারুনুর চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।