নান্দাইলে কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প সাইনবোর্ডসর্বস্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) বেশির ভাগ প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পস্থলে সাঁটানো সাইনবোর্ডে উল্লেখ করা তথ্যের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কোনো মিল নেই বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ প্রকল্পে নির্ধারিতসংখ্যক শ্রমিক কাজে না লাগিয়ে কম শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতাধীন নান্দাইলের ১২টি ইউনিয়নে ১০৮টি প্রকল্প বাস্তবায়ন করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩ কোটি ৯৮ লাখ ৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ৪০ দিন। গত ৩ জানুয়ারি থেকে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে ৪ হাজার ৯৮০ জন হতদরিদ্র মানুষের কর্মসংস্থান হওয়ার কথা। প্রতিটি প্রকল্পে গড়ে ৪৬ জনের বেশি শ্রমিক থাকার কথা রয়েছে। কিন্তু কোনো কোনো প্রকল্পে মাত্র ১০ থেকে ১৫ জন শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে।
জাহাঙ্গীরপুর ইউনিয়নের ‘রহিমপুর টামনির খাল থেকে মনু মেম্বারের বাড়ি হয়ে ধলাপাতা স্কুল পর্যন্ত সড়ক মেরামত’ প্রকল্প বাস্তবায়ন করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪ লাখ ৯০ হাজার টাকা। ৬১ জন উপকারভোগী ৮৫ হাজার ৪০০ ঘনফুট মাটির কাজ করে প্রকল্পটি বাস্তবায়ন করার কথা। ওই প্রকল্প এলাকায় গেলে মো. রফিকুল ইসলামসহ এলাকার আরও কয়েকজন বাসিন্দা জানান, ওই পরিমাণ মাটি সড়কে ফেলা হলে সড়ক এমন বেহাল থাকত না। প্রকল্পস্থলে সাঁটানো সাইনবোর্ডে লেখা প্রকল্প চেয়ারম্যান আবদুল মজিদ ওরফে মনু মেম্বারের মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে ফোনটি ধরেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক নারী। পরে মনু মেম্বারের কাছে সাইনবোর্ডে ভুল নম্বর দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এটি সংশোধনের প্রয়োজন ছিল। প্রকল্প কমিটির এক সদস্য স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি ওই কমিটির সদস্য কি না, তা বলতে পারেননি।
‘রায়পাশা বানেরবাড়ি থেকে শফর আলীর বাড়ি হয়ে আয়ুব আলীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত’ প্রকল্পেও একই দশা। এই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ২ লাখ ৯৮ হাজার টাকা। কর্মরত শ্রমিকের সংখ্যা দেখানো হয়েছে ৩৭ জন। আশপাশের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ৩৭ জন শ্রমিককে এই প্রকল্পে কখনো কাজ করতে দেখেননি। সাইনবোর্ড থেকে মুঠোফোন নম্বর নিয়ে প্রকল্পের চেয়ারম্যান আবদুছ ছাত্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্য সদস্যদের নাম বলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ বি এম সিরাজুল হক জানান, প্রতিটি প্রকল্পে নজরদারি করা হচ্ছে। যতসংখ্যক শ্রমিক ব্যবহার করা হবে, সে অনুযায়ী বিল দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম জানান, প্রতিটি প্রকল্পের শ্রমিক উপস্থিতি দেখার জন্য সরকারি কর্মকর্তা রয়েছেন। তাঁরা নিশ্চয়ই দেখেশুনে এ বিষয়ে প্রতিবেদন দেবেন। তাঁদের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই অর্থ ছাড় করা হবে। তবে সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, যেদিন সরকারি কর্মকর্তা প্রকল্প পরিদর্শন করেন, সেদিন শ্রমিকের উপস্থিতি বেশি রাখা হয়।