নান্দাইলে কর্মসূচি ঘিরে উত্তেজনা
ময়মনসিংহের নান্দাইলে আগামী শুক্রবার অনুষ্ঠেয় ‘ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল’ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। মাহফিল আয়োজকদের বিরুদ্ধে ইসলাম নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে মাহফিল বন্ধের দাবি জানিয়েছে একটি পক্ষ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক লোক নান্দাইল উপজেলা কমপ্লেক্সের ভেতরে ‘তৌহিদী জনতার ব্যানারে’ মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত ওয়াজ মাহফিলের নামে কৌশলে ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে থাকে। তাদের এই কর্মকাণ্ডে সাধারণ মানুষের মনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাহফিল আয়োজন করতে দিলে নান্দাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই তাঁরা সভা বন্ধ করার দাবি জানান। পরে তৌহিদী জনতার পক্ষে মাওলানা তাবারক হোসেনসহ ১১ জনের স্বাক্ষর করা একটি স্মারকলিপি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলমের হাতে তুলে দেওয়া হয়।
ইউএনও শাহানুর আলম বলেন, আয়োজকদের ডেকে তিনি সভা সম্পর্কে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রশাসন ইসলামবিরোধী কোনো কাজের অনুমতি দেবে না বলে তিনি জানান।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটি প্রচারপত্রে দেখা যায়, ওই সভায় অতিথি হিসেবে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী প্রমুখের নাম রয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সাংসদ আনোয়ারুল বলেন, ‘বিরোধিতাকারীরা কীভাবে নিশ্চিত হলেন, মাহফিলে ইসলামবিরোধী বক্তব্য দেওয়া হবে? একটি মহল আমার বিরোধিতা করতে গিয়ে একটি ইসলামি সভাকে হাতিয়ার করছে।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত সভা আয়োজন করবে বলে অনেক আগেই লিখিত আবেদন করেছে। এখন হঠাৎ করে কারা বিরোধিতা করছে, সে সম্পর্কে তিনি কিছু জানেন না।