নারায়ণগঞ্জে যুবককে অমানুষিক নির্যাতন
নান্দাইলে কিশোরী ধর্ষণ, সরাইলে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নে এক কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ এবং এর ছবি ইন্টারনেটে ছাড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সহস্রাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মানববন্ধন করে অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের দাবি করেছেন।অপরদিকে নারায়ণগঞ্জের মুছাপুরে সালিস বৈঠক করে অসবর্ণের এক তরুণীকে প্রেম করে বিয়ে করায় এক যুবকের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। তার গোপনাঙ্গে ইটের টুকরো বেঁধে রাস্তায় হাঁটানো হয়েছে। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী, ভুক্তভোগী ও পুলিশের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:নান্দাইল (ময়মনসিংহ): ভুক্তভোগী কিশোরী অভিযোগ করেছে, গত ২৫ জুন সে পার্শ্ববর্তী বাহের বানাইল গ্রামে তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চবিদ্যালয়ের পাশের একটি সেতুর কাছ থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে অটোরিকশায় করে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ির সবুজের বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে সবুজসহ অন্যরা তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে নান্দাইলের ফুলবাড়িয়া চরপাড়া গ্রামের আপ্তাব উদ্দিনের বাড়িতে নিয়ে সেখানেও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে সে কৌশলে সেখান থেকে পালিয়ে আসে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে ১১ জুলাই ১০ জনকে আসামি করে নান্দাইল থানায় একটি মামলা করে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন আপ্তাব উদ্দিন (৩২), হাদিস মিয়া (৩২), মাসুদ মিয়া (২৮), শফিকুল (২৮), আকবর (২৮), সুরুজ মিয়া (৩০), লুৎফুর (২৮), মানিক (৩২), মানিক মিয়া (৩২) ও সবুজ মিয়া। মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটির তদন্ত চলছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ এবং এর ভিডিওচিত্র ইন্টারনেটে ছাড়ার প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বখাটে যুবককে দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান মাহমুদা পারভীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্বাস উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব খান প্রমুখ। এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এজাহার থেকে জানা গেছে, মেয়েটিকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন উপজেলার সদর ইউনিয়নের ছোট দেওয়ানপাড়ার বখাটে যুবক অভি মিয়া (২৪)। একপর্যায়ে বাধ্য হয়ে মেয়েটি এ প্রস্তাবে মিথ্যা সায় দেয়। এরই মধ্যে একদিন অভি সুযোগ বুঝে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যান। সেখানে জোর করে মেয়েটিকে নিয়ে আপত্তিকর কিছু ছবি তোলেন। পরে গত জুনে বিয়ের কথা বলে ইচ্ছার বিরুদ্ধে মেয়েটিকে ধর্ষণ করেন। এই ধর্ষণের দৃশ্য ক্যামেরাবন্দী করেন অভির এক সহযোগী। মেয়েটি বিয়ের কথা বললে তখন বেঁকে বসেন অভি। উল্টো আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র তিনি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। পরে তা করেনও। এ ব্যাপারে সরাইল থানার ওসি আব্বাস উদ্দিন বলেন, মামলাটি নথিভুক্ত করা হয়েছে। বখাটে যুবক অভিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন (লাঙ্গলবন্দ) মহাত্মা গান্ধী মন্দিরের পূজারী রমেশ চক্রবর্তীর ছেলে বাবু চক্রবর্তী প্রেম করে একই এলাকার ভিন্ন বর্ণের একটি মেয়েকে তিন মাস আগে আদালতের মাধ্যমে বিয়ে করেন। মেয়েটির বাবা এ বিয়ে মেনে না নিয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেনের কাছে বিচার দাবি করেন। ১৬ জুলাই বিকেলে চেয়ারম্যান মন্দিরে সালিস বৈঠক বসান। চেয়ারম্যান এককভাবে রায় ঘোষণা করে শত শত লোকের সামনে গাছের ডাল দিয়ে বাবুকে বেদম মারধর করেন। পরে বাবুর গোপনাঙ্গে ইটের টুকরো বেঁধে দুই কিলোমিটার এলাকা হাঁটতে বাধ্য করেন। গুরুতর অবস্থায় বাবুকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি বাবুর এক আত্মীয় বিমল রায় সাংবাদিকদের জানালে সোমবার রাতে চেয়ারম্যান তাঁর দলবল নিয়ে বাড়িতে গিয়ে তাঁকে মারধর করেন। এতে বাধা দিলে বিমলের বড় ভাই সুকুমার রায়কেও মারধর করা হয়। এ ব্যাপারে কথা বলতে চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।বন্দর থানার ওসি হারুন অর রশিদ বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। তবে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।