নান্দাইলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা গত শুক্রবার রাতে নান্দাইল থানায় মামলা করেছেন।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরী (১৭) একা ঢাকা থেকে উপজেলার নিজ গ্রামে ফিরছিল। গফরগাঁও রেলস্টেশনে নেমে বেলতৈল গ্রামে পৌঁছার পর সাত-আটজন যুবক তাকে রাস্তা থেকে জোর করে উঠিয়ে পাশের একটি বাগানে নিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। চেতনা ফিরে পাওয়ার পর বাড়িতে গিয়ে সে বিষয়টি জানায়।নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।