নান্দাইলে কয়েকটি পরিবারকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের পাঁচানি গ্রামের কয়েকটি মুচি পরিবারকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই পাঁচানি বাজারের কাছে খাসজমিতে কয়েকটি মুচি পরিবার বংশপরম্পরায় বসবাস করে আসছে। সম্প্র্রতি গ্রামের কতিপয় প্রভাবশালী ব্যক্তি ওই জমি দখলের জন্য তাদের উচ্ছেদের চেষ্টা করছেন। উজ্জ্বল মিয়া নামের এক ব্যক্তি এরই মধ্যে একটি পরিবারের বাড়ির উঠানের জায়গা দখল করে নিয়েছেন। স্থানীয় লোকজন অভিযোগ করেন, নান্দাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল মিয়া ওই পরিবারগুলোকে উচ্ছেদে নেতৃত্ব দিচ্ছেন। উজ্জ্বল তাঁরই আত্মীয়। মুচি পরিবারের সদস্য বাসন্তী রবিদাস (২৩) অভিযোগ করেন, ‘আমাদের ভয় দেখিয়ে বাড়ির উঠান দখল করে নিয়েছেন উজ্জ্বল মিয়া।’ অভিযোগের ব্যাপারে উজ্জ্বল মিয়ার সঙ্গে কথা বলতে গেলে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী হেনা আক্তার উল্টো প্রশ্ন করেন, ‘সরকারি জমিতে ওরা বাড়িঘর তুলে থাকতে পারলে আমরা পারব না কেন?’