নান্দাইলে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরভেলামারী গ্রামে গতকাল সোমবার বন্দুকের গুলিতে আবুল হাছেন (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবুল হাছেনের পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।স্থানীয় সূত্র জানায়, খুনের ঘটনার পরপরই উত্তেজিত লোকজন এয়াকুব আলী মাস্টার নামে এক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে চারটি ঘর পুড়ে যায়। পরে ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।সূত্র জানায়, চরভেলামারী গ্রামের আবুল হাছেনের সঙ্গে একই গ্রামের মো. এয়াকুব আলী মাস্টারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ১৫ দিন আগে আবুল হাছেন তাঁর বাড়ির পাশের একটি বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলেন। ওই জায়গা নিয়ে আদালতে মামলা চলছে। এয়াকুব মাস্টারের পক্ষের লোকজনের দাবি, ওই জায়গার ওপর আদালতের স্থিতাবস্থা জারি করা আছে। স্থিতাবস্থা অমান্য করে ঘর তোলায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। গ্রামবাসী ও নিহত ব্যক্তির পরিবারের ভাষ্য অনুযায়ী, গতকাল সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় এয়াকুব মাস্টারের লাইসেন্স করা দোনলা বন্দুক দিয়ে তাঁর ছেলে ইকবাল গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবুল হাছেন মারা যান।আবুল হাছেনের পরিবার জানায়, এ ঘটনায় হাছেনের মা সখিনা খাতুন (৭০), বড় ভাই হারেছ মিয়া (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাছেনের স্ত্রী সুফিয়া খাতুন বলেন, প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি আহত হয়েছেন।ঘটনার পর এয়াকুব মাস্টার আত্মগোপন করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।স্থানীয় বেতাগৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন সরকার প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে গ্রামে কয়েকটি সালিস হয়েছে। কিন্তু মীমাংসা হয়নি।সূত্র জানায়, সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে ছররা গুলির আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়েছে।নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জকির হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় মামলা হয়নি।পুলিশ জানায়, ছয়টি কার্তুজসহ ইয়াকুব মাস্টারের বন্দুক জব্দ করেছে।