নান্দাইলে গৃহবধূ মৃত্যুর ঘটনায় শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের শিকার হয়ে গত রোববার রাতে হোসনা আক্তার (২৪) নামের এক গৃহবধূ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের মহাবৈ গ্রামে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় গৃহবধূর বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে রোববার রাতেই স্বামী, ভাশুর ও শাশুড়িকে আসামি করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ গতকাল সোমবার শাশুড়ি রেজিয়া খাতুনকে (৫৮) গ্রেপ্তার করেছে। নান্দাইল মডেল থানার এসআই মোহাম্মদ আবদুস ছাত্তার জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জানা যায়, চার বছর আগে আচারগাঁও দক্ষিণপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে হুমায়ুনের (৩৫) সঙ্গে মহাবৈ গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে হোসনা আক্তারের বিয়ে হয়। তাঁদের দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর হুমায়ুন যৌতুক দাবি করলে হোসনা তাঁর বাবার কাছ থেকে ৩০ হাজার টাকা এনে দেন। কিছুদিন পর তিনি আবারও টাকা চাইলে হোসনা অস্বীকৃতি জানান। টাকা না দেওয়ায় হোসনার ওপর নির্যাতন শুরু করেন হুমায়ুন। গত বছরের ৭ নভেম্বর হুমায়ুন ভাতের গরম মাড় হোসনার শরীরে ঢেলে দেন। এতে হোসনার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। কিন্তু হুমায়ুনের পরিবার তাঁর চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি। খবর পেয়ে হেলাল উদ্দিন তাঁর মেয়েকে প্রথমে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। কিন্তু হুমায়ুন তাঁর অসুস্থ স্ত্রীর কোনো খোঁজ নেননি। এদিকে দরিদ্র বাবার পক্ষে হোসনার উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। এ অবস্থায় বিনা চিকিৎসায় রোববার রাতে হোসনার মৃত্যু হয়। শাশুড়ি রেজিয়া খাতুন দাবি করেন, ‘নির্যাতনে নয়, অন্য অসুখেই ছেলের বউ মারা গেছে।’ হেলাল উদ্দিন বলেন, নির্যাতনের কারণে অসুস্থ হয়ে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।