নান্দাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেদেনা খাতুন (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। বেদেনা উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মো. কামাল উদ্দিনের স্ত্রী। ওই দম্পতির পাঁচ ও দুই বছর বয়সের দুটি কন্যাশিশু রয়েছে। বেদেনার মা কুলসুম বেগম (৫৫) বলেন, তাঁদের বাড়ি উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে। প্রায় ১০ বছর আগে কামাল উদ্দিনের সঙ্গে বেদেনার বিয়ে হয়। স্বামীর ঘরে থাকা অবস্থায় বেদেনা গুরুতর অসুস্থ হলেও কামাল তাঁর চিকিৎসা না করে বাবার বাড়িতে পাঠিয়ে দিতেন। কামালের প্রতিবেশী নুরুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে বেদেনা স্বামীর বাড়ি থেকে পাশের কাদিরপুর গ্রামে তাঁর মামার বাড়িতে যান। সেখান থেকে ফজরের নামাজের আগ মুহূর্তে বেদেনা নিখোঁজ হন। গতকাল সকালে বেদেনার লাশ দেওয়ানগঞ্জ বাজারের পেছনে একটি গাছে ঝুলতে দেখে লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন গতকাল বিকেলে বলেন, বেদেনার মৃত্যুর বিষয়ে কেউ অভিযোগ দিলে লাশ মর্গে পাঠানো হবে। এদিকে একাধিকবার চেষ্টা করেও বেদেনার স্বামী কামালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।