নান্দাইলে চোর সন্দেহে অমানবিক নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোর সন্দেহে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে দুই দিন ধরে গোয়ালঘরে আটকে রাখা হয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাছবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম আঞ্জু মিয়া (৪০)। গ্রামের লোকজন জানান, কেউ আঞ্জুকে চুরি করতে দেখেনি। শুধু সন্দেহ করে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। বুলবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তি জানান, আঞ্জু মিয়ার পায়ের নখে সুই ঢুকিয়ে টাকা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। রাহেলা খাতুন (৩৫) নামের এক নারী বলেন, ‘এই বায় মাইনষ্যে মাইনষ্যেরে মারতে দেহি নাই।’ সরেজমিনে গতকাল শনিবার সকালে দেখা গেছে, আহত আঞ্জু মিয়াকে গ্রামের ব্যবসায়ী হেলিম মিয়ার গোয়ালঘরে বেঁধে ফেলে রাখা হয়েছে। এ সময় আঞ্জু মিয়া জানান, শুক্রবার সকালে তিনি নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সোবহান মিয়ার ছেলে সুলায়মান (৩৫) তাঁকে ডেকে ঘুম থেকে তুলে হেলিমের বাড়িতে নিয়ে আসেন। এরপর হাত-পা বেঁধে গাছের সঙ্গে বেঁধে তাঁকে বেধড়ক মারধর ও পায়ের নখে সুই ঢোকানো হয়। এ সম্পর্কে জানতে বহু খোঁজাখুঁজি করেও হেলিম মিয়াকে পাওয়া যায়নি। তবে তাঁর চাচা লিয়াকত মিয়া (৫৫) বলেন, বৃহস্পতিবার রাতে হেলিমের ৪২ হাজার টাকা চুরি হয়েছে। পরে সন্দেহ করে আঞ্জুকে ধরে এনে সামান্য মারধর করা হয়। আঞ্জুর মা আমেনা খাতুন বলেন, ‘কাজ দেওয়ার কথা বলে আমার ছেলেকে ডেকে নেওয়া হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ছেলের ওপর নির্যাতন চালানো হয়েছে। আমি নির্যাতনকারীদের বিচার চাই।’