নান্দাইলে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের ময়মনসিংহের নান্দাইল উপজেলা কমিটির দুই পক্ষের মধ্যে গতকাল শনিবার পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের নবগঠিত উপজেলা কমিটি ও বিলুপ্ত কমিটির মধ্যে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের উপজেলার কয়েকজন নেতা-কর্মী জানান, গতকাল বেলা একটার দিকে নতুন কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ভূঞা তাঁদের সমর্থকদের নিয়ে জেলা নেতাদের অভিনন্দন জানানোর জন্য একটি মিছিল বের করেন। এ খবর ছড়িয়ে পড়লে সদ্য বিলুপ্ত কমিটির নেতারা মিছিলটি প্রতিরোধ করতে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। নতুন কমিটির মিছিলটি শহরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ফটকের সামনে পৌঁছামাত্রই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, পাল্টাপাল্টি ধাওয়ার সময় দুই পক্ষের হাতেই রাম দা, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। এ সময় পথচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। বাসস্ট্যান্ডে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীরা বন্ধ করে দিয়ে ভেতরে আশ্রয় নেন। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।