ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করা হয়েছে।
মুশুলি এলাকার একটি কলেজের শিক্ষার্থী ও মানবাধিকার কমিশনের নান্দাইল উপজেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মশুলি বাসস্ট্যান্ড এলাকায় দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মানববন্ধনে ওই কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৫০০ লোক অংশ নেন। মানববন্ধনে ওই কলেজের অধ্যক্ষ মঈনুল হোসেন, মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি এনামুল হক, উপজেলা ছাত্রলীগের নেতা খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন। এনামুল হক বলেন, পুলিশ মামলা তদন্তে গড়িমসি করছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি এইচএসসি পরীক্ষায় পাস করা ওই ছাত্রী গত ১০ জুন ধর্ষণের শিকার হন। এ ঘটনায় তাঁর বাবা নান্দাইল মডেল থানায় মামলা করেন। ধর্ষণের ঘটনায় ছাত্রীটি ময়মনসিংহের বিচারিক হাকিমের কাছে ইতিমধ্যে জবানবন্দি দিয়েছেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত তারিফুল ইসলাম ওরফে রাজীব, খায়রুল ইসলাম ও ভিডিও ছড়ানোর অভিযোগে মামুন মিয়াকে গ্রেপ্তার করে। নির্যাতিত তরুণীর পরিরার ও এলাকাবাসীর অভিযোগ ধর্ষণের ঘটনায় বাকি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না। তবে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের ধরতে পুলিশ সচেষ্ট রয়েছে।