নান্দাইলে ছাড়পত্র না নিয়েই ইটভাটা চালানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসংখ্য ইটভাটা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নান্দাইল উপজেলায় বিভিন্ন আকারের ২২টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশির ভাগই কৃষিজমিতে অবস্থিত। স্থানীয় কৃষি অফিসের আপত্তি উপেক্ষা করে ফসলি জমিতে ভাটাগুলো গড়ে তোলা হয়েছে বলে সংশ্লিষ্ট এলাকার লোকজনের অভিযোগ। ভাটার সামনে কিছু কয়লা রেখে বিপুল পরিমাণ লাকড়ি পুড়িয়ে বছরের পর বছর এসব ইটভাটা চলে আসছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছর নানা অছিলায় সময়ক্ষেপণ করে পরিবেশসম্মত ইটভাটা গড়ার প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ইটভাটাগুলো চালানো হচ্ছিল। চলতি বছর পরিবেশ অধিদপ্তর ইটভাটার বিষয়ে তথ্য জানতে চেয়ে নান্দাইল উপজেলার বিভিন্ন বিভাগে চিঠি দেয়। ময়মনসিংহের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের দায়িত্বে থাকা সহকারী পরিচালক মো. আজিম উদ্দিন বলেন, গতবছর নান্দাইল উপজেলায় আটটি ইটভাটাকে বিভিন্ন শর্তে ইট উ ৎ পাদনের ছাড়পত্র দেওয়া হয়েছিল। মাত্র দুটি ইটভাটা চলতি বছর সেই ছাড়পত্র হালনাগাদ করেছে। এ ছাড়া চলতি বছরের অক্টোবর মাসে চারটি ‘জিগজাগ ইটভাটা’ গড়ার জন্য আবেদন জমা পড়েছে। সেগুলো বিবেচনাধীন রয়েছে। এর বাইরে নান্দাইল উপজেলার আর কোনো ইটভাটা নিয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই বলে জানান ওই কর্মকর্তা। উপজেলার ভাটি পাঁচানী গ্রামে গিয়ে দেখা গেছে চারপাশে ধানি জমি, একপাশে বসতবাড়ি এবং কাছেই পাঁচানী উচ্চবিদ্যালয়। এমন একটি জায়গায় ‘সোহাগ-শ্রাবণী ব্রিকস’ নাম দিয়ে একটি ইটভাটা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ওই ভাটার ব্যবস্থাপক দীন ইসলাম বলেন, ‘পরিবেশসম্মত ইটভাটা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি। ইটভাটার চিমনি বানানোর জন্যে পাঁচ-ছয় লাখ ইটের প্রয়োজন পড়বে। সেই ইট উ ৎ পাদন করার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ ফসলি জমির পাশে ইটভাটা করার প্রসঙ্গে বলেন এসব জমিতে বালুর পরিমাণ বেশি। ধান উ ৎ পাদন ভালো হয় না। এখানে ইটভাটা করা হলে পরিবেশের ক্ষতি হবে না বলে তিনি দাবি করেন। তিনি ইটভাটার কোনো অনুমোদন দেখাতে পারেননি। অপরদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চামটা বাজারের কাছে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নিয়ে কাঁচা ইট তৈরি করতে দেখা গেছে। উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ আবুল হোসেন বলেন, যে জমিতে ইটভাটা অবস্থিত তা ফসলি জমি কি না, তার প্রত্যয়ন কৃষি বিভাগ দিয়ে থাকে। এ পর্যন্ত তাঁদের অফিস থেকে এ-সংক্রান্ত প্রত্যয়নপত্র কেউ সংগ্রহ করেনি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার বলেন, গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত ‘উপজেলা সমন্বয় কমিটির’ সভায় অবৈধ ইটভাটা কীভাবে চালু হচ্ছে বা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা নিয়ে আলোচনা হলেও স্থানীয় কৃষি বিভাগ ছাড়া আর কোনো অফিস থেকে এ সম্পর্কিত কোনো তথ্য সভায় উপস্থাপন করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া জানান, ইটভাটার মালিকদের অনুমোদনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছিল কিন্তু তাঁরা কেউ আসেননি। এ বিষয়টি তিনি জেলা প্রশাসককে অবহিত করেছেন বলে জানান।