নান্দাইলে ছয় মাসে ১০টি মোটরসাইকেল চুরি-ছিনতাই
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত ছয় মাসে ১০টি মোটরসাইকেল ছিনতাই ও চুরি হয়েছে। পুলিশ একটি মোটরসাইকেলও উদ্ধার করতে পারেনি।থানা পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, গত নভেম্বরে কিশোরগঞ্জ জজ আদালতের নায়েবে নাজির লুৎফুর রহমান ও চলতি বছরের ১ এপ্রিল ঠিকাদার নূর মোহাম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোটরসাইকেল নিয়ে যায় ছিনতাইকারীরা। গত ১৮ মে রাতেও নান্দাইলের বেতাগৈর ইউনিয়নের রুহিতপুর এলাকা থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক জুয়েল মিয়ার মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় লোকজন আবু সাইম নামে এক ছিনতাইকারীকে আটক করলেও কৌশলে সে পালিয়ে যায়। ১৫ এপ্রিল চামটা বাজারের ব্যবসায়ী মঞ্জু মিয়াকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ছিনতাইকারীরা।গত ১৩ জানুয়ারি শহরতলির চণ্ডীপাশা এলাকার হুমায়ুন কাদিরের মোটরসাইকেলটি বাসার গ্রিল কেটে চোরেরা নিয়ে যায়। ওই মাসে উপজেলার খারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিলন মিয়ার মোটরসাইকেলটি বনগ্রাম বাজার থেকে চুরি হয়। হাবিবুর রহমান নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেল তাঁর বাসার সামনে থেকে চুরি হয়। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন বলেন, রাস্তা থেকে কোনো মোটরসাইকেল চুরি হলে এ ক্ষেত্রে পুলিশের কী করার থাকতে পারে? তার পরও মোটরসাইকেলের নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র থাকলে পুলিশের পক্ষে তদন্ত চালাতে সুবিধা হয়।থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, আদালতের নাজির লুৎফুর রহমানের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় আলাল উদ্দিন ও রেনু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।