নান্দাইলে জাসদের প্রার্থীর নাম প্রস্তাব
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জন্য প্রার্থীর নাম প্রস্তাব করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)। দলটি প্রার্থী হিসেবে ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য মো. গিয়াস উদ্দিনের নাম প্রস্তাব করেছে।
গত শনিবার নান্দাইল পৌর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাসদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নান্দাইল উপজেলা জাসদের সভাপতি মো. রফিকুল আলম।
লিখিত বক্তব্যে রফিকুল আলম বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে জাসদের অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু স্থানীয় রাজনীতির প্রতিটি স্তরে চাপিয়ে দেওয়া নেতৃত্বের কারণে একধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। দলবাজি, চাঁদাবাজি ও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সরকারের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে। এ ধরনের অবস্থা থেকে নান্দাইলবাসী পরিত্রাণ চায়।
জ্যেষ্ঠ সহসভাপতি পিকলু চন্দ্র সাহা বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম তিন মাস স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান তাঁদের (জাসদ) সঙ্গে যোগাযোগ রেখেছেন। এরপর থেকে জাসদকে সভা-সমাবেশে ডাকা হয় না। তাই ১৪-দলীয় জোটের শরিক দল হিসেবে জাসদ ময়মনসিংহ-৯ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি করতেই পারে। তাই আমরা সৎ, নিষ্ঠাবান এবং বিগত সময়ের আন্দোলনে পরীক্ষিত নেতা গিয়াস উদ্দিনকে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি করছি।’ ওই সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিনকে পরিচয় করিয়ে দেন জাসদের নেতারা। এতে দলটির উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি পিকলু চন্দ্র সাহা, সহসভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক আমরু মিয়া, মুক্তিযোদ্ধা ও জাসদের সাবেক নেতা মো. নুরুল হক প্রমুখ।
জাসদের আগাম প্রার্থীর নাম প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান মুঠোফোনে বলেন, দলটি ১৪-দলীয় জোটের শরিক। তারা সরকারেও রয়েছে। ওই দলের নেতারা তাঁদের স্বাধীন মতামত ব্যক্ত করতেই পারেন। এসব বিষয়ে সিদ্ধান্ত হবে জোটের সভায়। জাসদের এ ঘোষণা নান্দাইল আসন নিয়ে দর-কষাকষির সুযোগ করে দেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো সময় হয়নি।