নান্দাইলে জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড বন্ধে উচ্চ আদালতের নির্দেশ
ময়মনসিংহের নান্দাইল ক্রীড়া সংস্থা আয়োজিত মেলায় জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড বন্ধের আদেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালত গতকাল রোববার এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, উপজেলার পংকরহাটি গ্রামের রফিকুল ইসলাম এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ গতকাল রিটটির শুনানি পর এ আদেশ দেন। এ ছাড়া শর্ত লঙ্ঘন করে যাত্রার আড়ালে অবৈধ কর্মকাণ্ড চালানোর জন্য ওই ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের প্রতি রুল জারি করা হয়েছে।আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন এম জি মাহমুদ।স্থানীয় ও জেলা প্রশাসন সূত্র জানায়, শাহাব উদ্দিন গ্রাম্য সংস্কৃতি যাত্রাপালা ও সার্কাস আয়োজনের জন্য একটি আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সাধারণ শাখা থেকে ১১টি শর্ত আরোপ করে তা অনুমোদন দেওয়া হয়। ১ নভেম্বর রাতে এই সাংস্কৃতিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। রফিকুল ইসলাম বলেন, যাত্রাপালা ও সার্কাস আয়োজনের অনুমতি নিয়ে আয়োজকেরা শর্ত লঙ্ঘন করে হাউজি, র্যা ফল-ড্রসহ নানা প্রকার জুয়া ও অশালীন নাচ-গানের আয়োজন করে আসছিলেন। এ কারণে তিনি রিট আবেদন করেন।