নান্দাইলে জেএমবির সদস্য সন্দেহে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরের শহীদ স্মৃতি আদর্শ কলেজ প্রাঙ্গণ থেকে গতকাল মঙ্গলবার কামরুজ্জামান কামাল (৩২) নামের এক যুবককে নম্বরবিহীন মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।কামরুজ্জামানের বাড়ি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান গ্রামে। পুলিশের সন্দেহ, কামরুজ্জামান জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য।নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, ২০০৬ সালের আগস্ট মাসে ভালুকা উপজেলার জীবনতলা নূরুল উলুম কওমি মাদ্রাসা থেকে কামরুজ্জামানসহ ২৩ জনকে আটক করে র‌্যাব। পরে এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ভালুকা থানায় অস্ত্র আইনে মামলা হয় এবং আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘদিন জেলহাজতে থাকার পর ২০০৮ সালে উচ্চ আদালত থেকে জামিন পান কামরুজ্জামান। ওসি জানান, শহীদ স্মৃতি আদর্শ কলেজে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় কামরুজ্জামানকে আটক করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেয়ে মামলা করা হবে।এ ব্যাপারে কামরুজ্জামান সাংবাদিকদের জানান, তিনি নিজের জন্য পাত্রী দেখতে কলেজে এসেছিলেন। তিনি জেএমবির সদস্য কি না এ ব্যাপারে কিছু বলেননি।