নান্দাইলে জয়িতা হিসেবে চার নারী পেলেন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে চার নারীকে জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে গতকাল বুধবার তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা কমপ্লেক্সের বিআরডিবি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ বি এম সিরাজুল হক ও মহিলাবিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে মাজেদা খাতুনকে, পারিবারিক নির্যাতনের ভয়াবহতাকে পেছনে ফেলে সাফল্য অর্জনকারী হিসেবে পারভীন আক্তার, সামাজিক উন্নয়নে অবদান রাখায় সখিনা খাতুন এবং সফল জননী হিসেবে বীণা রানি সাহাকে জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়। উপস্থিত অতিথিরা চার নারীর হাতে সম্মাননা তুলে দেন।

সম্মাননা পাওয়া নান্দাইল পৌরসভার কাকচর মহল্লার মাজেদা খাতুন বলেন, তাঁর স্বামী মারা যাওয়ার পর চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে অকূলপাথারে পড়ে গিয়েছিলেন। পরে তিনি বাঁশ-বেতের কাজ শেখেন। এসব উপকরণে তৈরি জিনিস বাজারে বিক্রি করে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করেন। পরে তিন মেয়েকে বিয়ে দেন। এক মেয়ে এইচএসসি পরীক্ষার্থী। ছেলে মাধ্যমিকে পড়ছে। বর্তমানে তাঁর মাসিক আয় ৯ থেকে ১০ হাজার টাকার মতো। অন্যদিকে শ্বশুরবাড়ির নির্যাতনের হাত থেকে প্রাণ বাঁচাতে সংসার করা হয়নি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রামের পারভীন আক্তারের। নিজেকে স্বাবলম্বী করতে স্বাস্থ্যসেবিকার প্রশিক্ষণ নিয়ে গর্ভবতী নারীদের সেবা দেওয়ার পাশাপাশি ওষুধ বিক্রি করে উপার্জনের পথ খুঁজে নেন। এখন তিনি মাসে ৭ থেকে ৮ হাজার টাকা আয় করেন। একই ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের মো. মিরাজ উদ্দিনের স্ত্রী সখিনা খাতুন বাল্যবিবাহ প্রতিরোধে অবদান রাখায় এ সম্মাননা পেয়েছেন। নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা মহল্লার দিলীপ কুমার সাহার স্ত্রী বীণা রানি সাহা। স্বামী বন বিভাগের চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। মেয়ে চিকিৎসক হিসেবে একটি বেসরকারি হাসপাতালে এবং ছেলে একটি বিদেশি দূতাবাসে চাকরি করছেন। সম্মাননা পাওয়া চার নারী নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে অনুষ্ঠানে উপস্থিত অন্য নারীদের অনুপ্রেরণা জোগান।