আটজন পরিবেশক (ডিলার) রয়েছে। তবে তা নামেই। লাভ না হওয়ার অজুহাতে কেউ টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য তুলছে না। ফলে আসন্ন রমজানে কম দামে পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ময়মনসিংহের নান্দাইল উপজেলাবাসী।
১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নান্দাইল উপজেলায় কতজন টিসিবির পরিবেশক রয়েছেন, সে সম্পর্কে কোনো তথ্যই নেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। ময়মনসিংহ মহানগরের খাগডহরে অবস্থিত টিসিবির কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী মো. শরীফুল ইসলাম মুঠোফোনে জানান, নান্দাইলে আটজন পরিবেশক রয়েছেন। তবে তিনিও সব পরিবেশকের নাম বলতে পারেননি।
এই প্রতিবেদক খোঁজ নিয়ে তিন পরিবেশককে শনাক্ত করতে পেরেছেন। তারা হলো নান্দাইল শহরের ধ্রুব এন্টারপ্রাইজ ও বৈশাখী এন্টারপ্রাইজ এবং তারঘাট বাজারের তালুকদার এন্টারপ্রাইজ।
নিয়মানুযায়ী এসব পরিবেশক রমজান এলে নিজ উদ্যোগে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করে তাদের জন্য বরাদ্দ চিনি, ছোলা, ডাল, খেজুর ও ভোজ্যতেলের পরিমাণ জেনে নেবে। নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করে পণ্যগুলো তুলে খোলাবাজারে বিক্রি করবে তারা।
রমজান মাস সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে গত ২৯ মে থেকে টিসিবির পণ্য বিক্রি করছেন পরিবেশকেরা। বাজারের চেয়ে কম দাম হওয়ায় এসব পণ্য কিনতে সাধারণত বিক্রয়কেন্দ্রগুলোতে ভিড় লেগে যায়। কিন্তু নান্দাইলে এ কার্যক্রম এখনো শুরুই হয়নি।
নান্দাইলের ওই তিন প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, পণ্য উত্তোলনের জন্য টিসিবি থেকে তাদের কোনো চিঠি দেওয়া হয়নি। এ ছাড়া লাভ কম হওয়ায় তারা টিসিবির পণ্য বিক্রি করতে আগ্রহী নয়।
টিসিবির কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, অন্যরা লাভ করতে পারলে নান্দাইলের পরিবেশকেরা কেন পারবে না? এটি তাদের এক ধরনের অজুহাত। চিঠি না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে পরিবেশকেরাই নিজে থেকে যোগাযোগ করেছে। আর চিঠি না দিলেও প্রত্যেক পরিবেশকের মুঠোফোনে এবার খুদে বার্তা পাঠানো হয়েছে।
তবে ওই তিন পরিবেশক দাবি করেছে, তারা টিসিবির কোনো খুদে বার্তা পায়নি। তালুকদার এন্টারপ্রাইজের মালিক আবদুল লতিফ বলেন, ‘টিসিবির কোনো চিঠি বা খুদে বার্তা পাইনি। তবে আমরা শিগগিরই তাদের সঙ্গে যোগাযোগ করব।’