নান্দাইলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গারুয়া ভাটুয়াপাড়া গ্রামে ট্রলির চাকায় পিষ্ট হয়ে সোহানা সুলতানা নামের এক স্কুলছাত্রী নিহত ও অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহানার (১০) বাড়ি উপজেলার গারুয়া গ্রামে। সে স্থানীয় আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। আহত ছাত্রীর নাম সাবিনা ইয়াসমিন (১০)। বাড়ি একই গ্রামে। সে পৌর শহরের আল আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সোহানা ও সাবিনা আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছের এক বাড়িতে প্রাইভেট পড়া শেষে নিজ গ্রামে ফিরছিল। পথে ইটভাটার শ্রমিক বহনকারী ওই ট্রলির চাকায় পিষ্ট হয়। পরে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহানার মৃত্যু হয়। সাবিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।