নান্দাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড রেলস্টেশনের দক্ষিণ দিকে রেললাইনের পাশে শিশুসন্তানকে রেখে মা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
ওই নারীর নাম হাওয়া বেগম (২৫)। তিনি উপজেলার সুরাশ্রম গ্রামের মো. আবুল খায়েরের স্ত্রী। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।
আবুল খায়ের জানান, গতকাল সকালে উঠানে ধান শুকানো নিয়ে হাওয়ার সঙ্গে তাঁর ননদ তামান্নার মৃদু তর্ক হয়। পরে হাওয়া একমাত্র শিশুসন্তান আবীরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি শ্বশুরবাড়ি পাশের কান্দিউড়া গ্রামে গিয়ে হাওয়াকে পাননি। পরে মুঠোফোনে স্ত্রীর দুর্ঘটনার সংবাদ জানতে পারেন।
স্থানীয় লোকজন জানান, দুপুরে শিশুসন্তানকে নিয়ে ওই নারীকে অনেকে রেললাইনের পাশের রাস্তা ধরে পায়চারি করতে দেখেছেন।
একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (২০) জানান, দুপুরে নান্দাইল রোড রেলস্টেশনের অদূরে তিনি একটি শিশুকে কাঁদতে দেখতে পান। পরে কাছে গিয়ে রেললাইনের ওপর এক নারীর ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান।
নান্দাইল রোড রেলস্টেশনের মাস্টার মদন মোহন দাস জানান, চট্টগ্রামগামী (৩৮ ডাউন) ট্রেনটি স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর তিনি লোকমুখে জানতে পারেন এক নারীর মৃতদেহ রেললাইনের ওপর পড়ে আছে। পরে তিনি কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) থানায় ফোন করে ঘটনাটি জানান। থানার উপপরিদর্শক (এসআই) মো. দারেস আলী জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর স্বামী বা বাবার বাড়ির কেউ এখনো কোনো অভিযোগ করেননি।