নান্দাইলে ঠিকাদারের ওপর দুর্বৃত্তদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নয়নপুর এলাকায় গত রোববার রাতে নূর মোহাম্মদ (৫০) নামের এক ঠিকাদারের ওপর হামলা চালিয়ে তাঁর মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নূর মোহাম্মদের বাড়ি উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া গ্রামে।নয়নপুর এলাকার বাসিন্দা আবদুল মোতালেব জানান, গত রোববার রাত আটটার দিকে এলাকাবাসী বাগিবতণ্ডার শব্দ শুনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গিয়ে নূর মোহাম্মদকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁরা ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কারকে ময়মনসিংহের দিকে এবং একটি মোটরসাইকেলকে কিশোরগঞ্জের দিকে দ্রুত চলে যেতে দেখেন। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।নূর মোহাম্মদের পরিবার জানায়, নান্দাইল সদর থেকে বাড়ি ফেরার পথে নূর মোহাম্মদ দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা শক্ত কোনো বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করে মোটরসাইকেল ও টাকা নিয়ে পালিয়ে যায়। গতকাল সকালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। তবে এখনো তাঁর জ্ঞান ফেরেনি।নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।